জামালপুরে জামায়াত নেতা সন্ত্রাসী হামলায় আহত, দোষীদের গ্রেফতারের দাবি
জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার পৌর ১২ নং ওয়ার্ডের সভাপতি শুকুর মাহমুদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, কতিপয় চিহ্নিত সন্ত্রাসীর হামলায় তিনি মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামালপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, “সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।



